কক্সবাজার, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে একটি মাছের পোনা উৎপাদন কেন্দ্র (হ্যাচারি) থেকে এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে শহরতলীর খুরুস্কুল এলাকায় অ্যাকোয়া নামের ওই হ্যাচারি এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হ্যাচারির সাত কর্মচারিকে আটক করেছে।
নিহত খোকন (২৬) খুরুস্কুল ইউনিয়নের গাজীর ডেইল এলাকার জাফর আলমের ছেলে।
কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, খোকন দীর্ঘদিন ধরে ওই হ্যাচারিতে কাজ করতেন। তিনদিন আগে হ্যাচারির কর্মচারিরা ফোন করে তার বাবাকে জানায়, খোকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সম্ভাব্য সব স্থানে খোঁজার পর ছেলেকে না পেয়ে জাফর আলম শুক্রবার দুপুরে হ্যাচারিতে যান।
জাফর সাংবাদিকদের জানান, হ্যাচারির একটি স্থানে মাছি উড়তে দেখে তিনি ঘাস তুলে দেখেন। পরে এক স্থানে মাটি চাপা দেওয়া পা দেখতে পান তিনি।
তিনি চিৎকার করে উঠলে হ্যাচারির কর্মচারিরা এসে তাকে গুলি করে মেরে ফেলতে উদ্যত হন বলে জাফর অভিযোগ করেন।
তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক সোহেল আহমদ একদল পুলিশ নিয়ে সেখানে যান।
জাফর আলম দাবি করেন, খোকন ওই হ্যাচারির কর্মচারি মনির আহমদের কাছে ৪০ হাজার টাকা পাওনা ছিলো। ওই ঘটনায় তার ছেলে কর্মচারিদের হাতে খুন হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24