ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ইউরোপসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখে থাকা র্যাবকে প্রশিক্ষণ দেওয়ায় আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
র্যাবকে ওই প্রশিক্ষণ দিয়ে সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে- এমন অভিযোগ তুলে তা দেওয়ার বৈধতার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানোর প্রস্তুতি যুক্তরাজ্যের আইনজীবীরা নিচ্ছেন বলে 'গার্ডিয়ান' জানিয়েছে।
যুক্তরাজ্য সরকারের উদ্যোগেই মানবাধিকার সংগঠনগুলোর কাছে 'সরকারি ডেথ স্কোয়াড' হিসেবে বিবেচিত র্যাবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে- উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের গোপন তার বার্তা থেকে বুধবার এ সংবাদ প্রকাশ করে যুক্তরাজ্যের এ দৈনিক।
তারা বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যের পাবলিক ইন্টারেস্ট ল'ইয়ার্স অব ফিল শিনার নামের একটি ফার্ম সরকারের বিরুদ্ধে ওই আইনি চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে।
প্রশিক্ষণে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, তাদের দেশের আইন মেনেই সন্ত্রাসবিরোধী কার্যক্রমে র্যাবকে সহায়তা দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে ফার্মটি অভিযোগ করেছে যে 'বাংলাদেশকে ওই সাহায্য-সহায়তা দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনের অবশ্যপালনীয় বাধ্যবাধকতাগুলো লঙ্ঘন' করেছে যুক্তরাজ্য।
চিঠিতে তারা র্যাবকে যুক্তরাজ্যের সহায়তা বন্ধের জোরালো আহ্বান জানিয়ে তা দেওয়ার ব্যাপারে শিগগির তদন্ত করার এবং সম্ভব হলে র্যাবের হাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রতিষ্ঠার পর থেকে 'ক্রসফায়ার/বন্দুকযুদ্ধ/এনকাউন্টার'র মাধ্যমে বিচার বহির্ভূতভাবে প্রায় ১ হাজার মানুষ 'হত্যা'র অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ।
শিনার বলেন, "নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমাদের সরকারের ভণ্ডামীপূর্ণ পদক্ষেপের জন্য ব্রিটিশ জনগণের মর্মাহত হওয়া উচিত।
"সরকার নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানালেও বাস্তবতা হচ্ছে, তারা জেনেশুনেই এসব মৌলিক মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলোকে সাহায্য ও সহায়তা দিচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের চিত্রই তুলে ধরে।"
শিনার ২০০৩ সালে ব্রিটিশ সেনাদের নির্যাতনে নিহত এক ইরাকির পরিবারের হয়ে আইনি লড়াই চালিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ গত মাসে মানবাধিকার বিষয়ক একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। সেখানেই উঠছে র্যাবকে সহায়তা দেওয়ার ওই অভিযোগ। পরিষদের সদস্য আইনজীবী স্বপ্না মালিক গার্ডিয়ানকে বলেন, "প্রতিবেদনটি বিব্রতকর। আমি বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১২১৪ ঘ.
bdnews24