রাজবাড়ী, ডিসেম্বর ২৩ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলায় স্থানীয় এক সন্ত্রাসীর সঙ্গে পুলিশের গোাগুলির ঘটনা ঘটেছে।
এতে পুলিশের দুই কর্মকর্তা ও ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গা গ্রামে স্থানীয়ভাবে পরিচিত কুদ্দুস বাহিনীর প্রধান কুদ্দুস মণ্ডলের (৪০) সঙ্গে গোলাগুলির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাংশা থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুদ্দুসকে গ্রেপ্তার করতে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কুদ্দুস পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে কুদ্দুসকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়।
গোলাগুলিতে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব ও জহির পায়ে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ তিনজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, কুদ্দুসের বিরুদ্ধে পাংশা থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24