ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদাবর থানা পুলিশের তিন উপপরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে এসে এ অভিযোগ করেন মামলার বাদি বায়তুল আমান হাউজিং সোসাইটির ব্যবসায়ী খলিলুর রহমান।
বাদি সাংবাদিকদের জানান, মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে এ হুমকি দেয় আসামি পক্ষ।
কলাবাগান লেক সার্কাসের মো. আবু সাইদ ওরফে সামিউল ইসলাম, চন্দন দাস ওরফে রবি দাস এবং উপপরিদর্শক মো. দুলাল, মো. বাচ্চু, ও মো. সগীরের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত ২৫ অগাষ্ট মামলাটি দায়ের করেন খলিলুর রহমান।
বাদির জবানবন্দী গ্রহন শেষে মামলাটিতে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার রুমী তার খাস কামরায় বিচার বিভাগীয় তদন্ত শুরু করেন। এ সময় বাদি খলিলুর রহমানসহ তিন সাক্ষী সাক্ষ্য দেন।
আরজিতে বলা হয়, ২০০৬ সালের ৬ জুলাই খলিলুর আদাবর এলাকার রামচন্দ্রপুর মৌজায় জনৈক তোফাজ্জল হোসেনের আম মোক্তার সাইদুর রহমানের কাছ থেকে একখণ্ড জমি কেনার জন্য বায়না করেন। বায়না চুক্তি অনুযায়ী খলিলুর জমিটির দখলও বুঝে নেন।
আরজিতে আরো বলা হয়, চলতি বছরের ১৮ অগাষ্ট ওই জমির বাদির পক্ষের তত্ত্বাবধায়ক আলম তাজকে অভিযুক্তরা এসে গালিগালাজ করে। বায়নাকৃত জমির সাইনবোর্ড খুলে নিয়ে যায়। অভিযুক্ত পুলিশ সদস্যরা খলিলুরের তত্ত্বাবধানকারীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।
পর দিন বাদির স্ত্রী এ ব্যাপারে থানায় গেলে এ তিন পুলিশ সদস্য বাদির স্ত্রীকেও গালিগালাজ করে এবং জানায় ওই প্লটে থাকতে হলে তিন লাখ টাকা ঘুষ দিতে হবে।
এর তিন দিন পর আদাবর পুলিশ ওই জমির তত্ত্বাবধায়ক আলম তাজ ও তার স্ত্রী পারুলকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার বিকালে বাদির আইনজীবী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওই তিন উপপরিদর্শক বাদিকে শুধু প্রাণনাশের হুমকিই নয়, তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ঢুকিয়ে দেয়ারও ভয় দেখাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৭৩৮ ঘ.
bdnews24