ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ খাতের জনবল সংকট নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এরমাধ্যমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদগুলো অচিরেই পূরণ করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার রাজধানীর মহাখালীতে পর্যটন কর্পোরেশনের অবকাশ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
'অতিদারিদ্র্য দূরীকরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভূমিকা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট।
প্রধান অতিথির বক্তব্যে লতিফ বিশ্বাস বলেন, জনবল সংকটের কারণে দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত তেমন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেনি। তবে বর্তমান সরকার এর জনবল সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ব্র্যাকের পরিচালক শীপা হাফিজার সভাপতিত্বে সেমিনারে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলীসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24