সাতক্ষীরা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একই স্থানে সভা আহবান করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সব ধরনের কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামনগর বাসষ্ট্যান্ড এলাকায় বিকাল থেকে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বিকাল ৩টায় বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা আহ্বান করে।
পুলিশ পরিদর্শক জানান, সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করেন।
স্থানীয়রা জানায়, জাতীয় পার্টির শ্যামনগর আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার সঙ্গে একই উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম লেলিনের দ্বন্দ্বের জেরে উভয় দল প্রতিবাদ সভা ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24