২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বারের ফল ঘোষণায় স্থগিতাদেশ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর ১৯ দিনের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর ১৯ দিনের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আবদুল হাইয়ের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়। বুধবার এ ফলাফল ঘোষণা করার কথা ছিল। নির্বাচনে পরাজিত পরিচালক পদপ্রার্থী আজফার আলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে কথিত প্রক্সি ভোট দেওয়ার অভিযোগে আজফার আলী এ রিট আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ফাহমিদ সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক শুধু নির্বাচনের ফলাফল ঘোষণার ওপর আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্তস্থগিতাদেশ দেন। তিনি বলেন, গত ৭ ডিসেম্বরের এই নির্বাচনে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রক্সি ভোট দেওয়ার বিষয়টি মানা হয়নি। তাই বাদী এ রিট আবেদন করেন। এর ফলে বুধবারের সাধারণ সভায় ফলাফল ঘোষণা করা যাবে না বলে ফাহমিদ জানান। বুধবার বেলা ১২টায় চেম্বার মিলনায়তনে সিসিসিআই'র ২০০৯-২০১০ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ২০১১-২০১২ মেয়াদকালের জন্য চেম্বার পরিচালকমণ্ডলীর নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল। নির্বাচনে সরকার দলীয় সাংসদ ও বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদ পরিচালক পদের সবকটিতেই জয়ী হয়। চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ নির্বাচনের দিন সকালে প্রক্সি ভোট দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা না মানার অভিযোগে নির্বাচন বয়কট করে। ৮ ডিসেম্বর পরিচালকমণ্ডলীর প্রথম সভায় মোরশেদ মুরাদ ইব্রাহিমকে সভাপতি, মাহাবুবুল আলমকে সিনিয়র সহ-সভাপতি ও নুরুন নেওয়াজ সেলিমকে সহ-সভাপতি নির্বাচন করা হয়। এদিকে নবনির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার যথাসময়ে চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশের বিষয়টি তিনি অবগত নন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এটি/ডিডি/এইচএ/০০১১ ঘ.