কুষ্টিয়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে মঙ্গলবার ট্রাকের চাপায় এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
বিকাল পৌনে ৪টার দিকে শহরের মজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইংরেজী বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র রুবায়েত হোসেন (১৮) ও রিকশাচালক লিয়াকত হোসেন (৩৫)।
আহত তমাকে (১৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুবায়েত ও তার বান্ধবী তমা শহরের মজমপুর গেট থেকে রিকশায় চৌড়হাস যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়।
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রুবায়েত।
পুুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৫০ ঘ.
bdnews24