মাদারীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মামলায় দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে চার বছর কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।
চুই মুন কুন নামে ওই ব্যক্তির উপস্থিতিতে সোমবার এ দণ্ডাদেশ দেন বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজ।
২০০৮ সালে মাদারীপুরের শিবচর উপজেলার বৈকণ্ঠপুরের আবুল বাশার এ মামলা করেন।
তার অভিযোগ, তাকে দক্ষিণ কোরিয়া নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ওই বছরের ২৪ সেপ্টেম্বর চুই নগদ দেড় লাখ টাকা নেয়। কিন্তু পরে টাকা নিয়ে পালিয়ে যায়।
চুইকে না পেয়ে বাশার মাদারীপুরের আদালতে প্রতারণার অভিযোগে মামলা করে।
২০০৯ সালের ১২ অক্টোবর চুই জামালপুরে অন্য একটি মামলায় আটক হলে তাকে বাশারের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
দক্ষিণ কোরীয় এ নাগরিকের কোনো আইনজীবী না থাকায় লিগ্যাল এইডের পক্ষ থেকে গোলাম কিবরিয়া তার কৌঁসুলি হিসেবে কাজ করেন।
চুই বর্তমানে মাদারীপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.
bdnews24