২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন আনসার খুন: প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের সিংড়া থানার বামিহাল পুলিশ ফাঁড়ি লুট ও তিন আনসার হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নাটোর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সিংড়া থানার বামিহাল পুলিশ ফাঁড়ি লুট ও তিন আনসার হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পাঁচ বছর পর রোববার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, আটক ইসমাইল হোসেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বামিহাল পুলিশ ফাঁড়ি লুট ও তিন সশস্ত্র আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামি তিনি। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিলো। ইসমাইলের গ্রেপ্তারের বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পুলিশের পক্ষ থেকে সোমবার ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইসমাইল বাসে করে সিরাজগঞ্জ থেকে নাটোরে আসছে- এমন খবর পেয়ে পুলিশ রোববার সন্ধ্যা থেকে বনপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। রাত ৯টায় ইসমাইল বনপাড়া বাসস্ট্যান্ড মোড়ে বাস থেকে নামা মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দু'টি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়ির তিন আনসারকে হত্যা করে ক্যাম্পের ১০টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা যাওয়ার সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ও সিরাজ সিকদারের নামে স্লোগান দেয়। ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রে মধ্যে রয়েছে- আটটি থ্রি নট থ্রি রাইফেল, একটি এসএমজি, একটি শর্টগান ও ১৩৯ রাউন্ড গুলি। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে পুলিশ গত ৩০ এপ্রিল ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ পর্যন্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.