২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস চাপায় মৃত্যু

বরিশাল-ভোলা সড়কে একটি যাত্রীবাহী বাস শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বরিশাল, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল-ভোলা সড়কে একটি যাত্রীবাহী বাস শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার সকালে বরিশাল বন্দর থানাধীন সোলানী পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বাসটি খাদে পড়ে আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। নিহত লাইজু বেগম (২৫) বরিশাল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নূর ইসলামের মেয়ে। বরিশাল বন্দর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আমীর আলী জানান, বেলা সাড়ে ১১ টার দিকে রাস্তা পার হওয়ার সময় লাইজুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। বিসমিল্লাহ পরিবহনের বাসটি বন্দর থানাধীন লাহারহাট থেকে চরকাউয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। আহত অবস্থায় লাইজুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। এসআই জানান, আহত বাসযাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে দুই আরোহী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রশিকার মোড় বলে পরিচিত এলাকায় মটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা বাসকে পাশ দিতে গিয়ে স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান নসিমনকে ধাক্কা দেয়। গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান, উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মিমি (২০) ও দক্ষিণ বিজয়পুর গ্রামের শাওন (২০) সদরের বাসস্ট্যান্ড থেকে বাটাজোর এলাকায় যাচ্ছিলো। তিনি জানান, তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.