২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৩ চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণার রায় স্থগিত

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪৩ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ছয় সপ্তাহ স্থগিত করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪৩ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ছয় সপ্তাহ স্থগিত করেছে আদালত। সোমবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত রায় স্থগিতে ১৪৩ চিকিৎসকের করা আবেদনে এ আদেশ দেন। আদেশের পর চিকিৎসকদের কৌঁসুলি ড. এম জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের এই রায়ের ফলে ১৪৩ চিকিৎসকের চাকরি চালিয়ে যেতে আর কোনো বাধা নেই।" স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আরসালানের দায়ের করা এক রিট আবেদনে গত ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তাদের মধ্যে ১৪৩ জন হাইকোর্টের ওই রায় স্থগিতের জন্য সোমবার আপিল বিভাগে আবেদন জানান। শুনানিতে এম জহির বলেন, "রিট আবেদনে পক্ষভুক্ত করা না হলেও এই চিকিৎসকদের চাকরি অবৈধ করে হাইকোর্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৪ ঘ.