২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-মীম'র কারখানা পরিদর্শনে দুই মন্ত্রী

সাভারে আগুনে ক্ষতিগ্রস্ত হা-মীম গ্র"পের পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সাভার, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে আগুনে ক্ষতিগ্রস্ত হা-মীম গ্র"পের পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার সকালে কারখানাটি পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী। কারখানা ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা যতই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করি ঠিক তখনি বিরোধীদল তা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করে। আমরা তা কখনো হতে দেব না।" বিএনপির প্রতি ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, "এ কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা দুর্ঘটনা নয়, এটি নাশকতা। বিরোধীদলের একটি অংশ নাশকতামূূলকভাবে এ অগ্নিকান্ড ঘটিয়েছে।" সাভারের আশুলিয়ার নরসিংহপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার নামের বহুতল ওই কারখানায় মঙ্গলবার দুপুরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কত- সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৩১ জন। যাদের অধিকাংশ আগুনের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়ে মারা যান। ওইদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২০। কারখানাটি পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এ কে আজাদ। রোববার একই সময়ে ভবন নির্মাণ বিশেষজ্ঞ কে শহীদ রব ও সি কে মণ্ডল ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন। তারা ক্ষতিগ্রস্ত দশ ও এগার তলা পরিদর্শন করে বলেন- ভবনের শতকরা ৯৫ ভাগ ঠিক আছে এবং তা কাজ করার উপযোগী। রোববার বিকালে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আগুন লাগার ঘটনায় বাইরের কারো হাত বা কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। হা-মীম গ্র"পের প্রধান এ কে আজাদ বলেন, অতীতে বহিরাগতরা এই কোম্পানির একটি কারখানায় আগুন ধরিয়ে দিয়েছিলো। তখন কেউ মারা না গেলেও কারখানা পুড়ে যায়। সে ঘটনার বিচার এখনো হয়নি। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা আর দেখতে হতো না বলে তিনি মনে করেন। কারখানা পরিদর্শনের সময় শ্রমমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব নূরুল হক ও হা-মীম গ্র"পের উর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪২ ঘ.