ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসী শ্রমিকদের স্বার্থে বাংলাদেশ জাতিসংঘ কনভেনশনে অনুস্বাক্ষর করবে। অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করতেই তা করা হবে।
প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান রোববার ঢাকায় এক কর্মশালায় এ কথা বলেন।
বাংলাদেশ অভিবাসন উন্নয়ন ফোরাম (বিএমডিএফ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'অভিবাসন এবং মানবপাচার বিভ্রান্ত: বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান।
কর্মশালায় বক্তরা বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসনের জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা জরুরি। সরকার মানব পাচার রোধে সময়োপযোগী আইন করছে।
আইনি কাঠামোর সঙ্গে প্রাতিষ্ঠানিক অবকাঠামো এবং সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ সচিব বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অভিবাসীদের কল্যাণের লক্ষ্যে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর ও যুগোপযোগী আইন প্রণয়ন করাসহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।
তিনি বলেন, "চল্লিশ দশকেও অভিবাসন প্রক্রিয়া ছিলো। ওই সময় যারা বিদেশে গিয়েছেন, তারা পরে বৈধভাবে বসবাস করার সুযোগ পেয়েছেন। এখন বিশ্বায়নের যুগে এসে সেই সময়ের অভিবাসন পদ্ধতি অনুসরণ করা বোকামি ছাড়া কিছু নয়।"
সচিব আরো বলেন, "নিরাপদ অভিবাসনের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকে যদি নিজ পরিবারের সদস্য মনে করে কাউকে বিদেশে পাঠায়, তাহলে করো বিদেশে গিয়ে অবৈধ হওয়ার আশঙ্কা থাকবে না, কেউ বিপদেও পড়বে না।
কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, "প্রলোভনের ফাঁদে পড়ে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুরা বিপদের মুখে পড়ছে।"
কর্মশালায় আরো বক্তব্য রাখেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, বিএমডিএফ'র সহ-সভাপতি সাঈদ মাহবুব এলাহী ও ইশরাত শারমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭২৫ ঘ.
bdnews24