ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানা এলাকায় রোববার আগুন লেগে এক মহিলা গুরুতর আহত হয়েছেন।
আহত সোমা আক্তারকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাত ৩টার দিকে সূত্রাপুরের দয়াগঞ্জের গেন্ডারিয়া এলাকার একটি টঙ ঘরে আগুন লাগে।
তিনি বলেন, "খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়-ক্ষতি সামান্য হলেও একজন মহিলা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৭১১ ঘ.
bdnews24