সুনামগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মস্থল থেকে পরিবার নিয়ে বাড়িতে রওনা হলেও নৌদুর্ঘটনার কারণে এখন একাই ফিরতে হচ্ছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়হাটি গ্রামের আজমান মিয়াকে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন স্ত্রী-সন্তানদের লাশ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।"
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার সোনারবাগ ইউনিয়নে আলীপুর এলাকায় সুরমা নদীতে সংঘর্ষের পর যাত্রীবাহী ও বালুবাহী দুটি নৌকা ডুবে যায়। যাত্রীবাহী নৌকাটিতে সপরিবারে ছিলেন আজমান।
দুর্ঘটনার পর আজমান সাঁতরে কূলে উঠতে পারলেও বের হতে পারেননি স্ত্রী হেলানা বেগম (৩৫), ছেলে রফিকুল (৮) ও মেয়ে নিমা (৭)।
আজমান বলেন, "গ্রামের লোকজন নৌকা তীরে তুললে নৌকার ভেতরে স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ পাওয়া যায়।"
যাত্রীবাহী নৌকার আরোহীরা সবাই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে শ্রমিক হিসাবে কাজ করতেন। তাদের অনেকের সঙ্গেই পরিবার-পরিজন ছিল। শনিবার বিকালে তারা একটি নৌকায় করে বাড়ি কিশোরগঞ্জের ইটনার পথে রওনা হন।
আজমান বলেন, "আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। কিছু বুঝে ওঠার আগেই নৌকা এক দিকে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। কনকনে শীতের কারণে নৌকার জানালা বন্ধ ছিলো।"
নৌকার বেঁচে যাওয়া আরেক যাত্রী উসমান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীদের মধ্যে পুরুষরা বের হতে পারলেও নারী ও শিশুরা বের হতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে বেশি।
উসমানের স্ত্রী আনুফা বেগম (২৮) ও ছেলে আকাশ (১২) এ দুর্ঘটনায় মারা যান।
ফেনারাবাক ইউনিয়নের আলীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নদীতে মানুষের চিৎকার শুনে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রাতেই ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।
এত লাশ দেখে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24