মানিকগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের জাগীর মেঘশিমুল এলাকায় শনিবার বিকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২০ জন।
নিহত মাহবুবুর রহমান (৩৫) রাজশাহীর পুটিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কে জাগীর মেঘশিমুল সেতুর ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24