ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে মাটিচাপা পড়া পাঁচ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূগর্ভস্থ বিদ্যুত লাইনের কাজ করতে গিয়ে মিরপুরের ভাষানটেকে দুপুর ২টার দিকে পাঁচ শ্রমিক মাটিচাপা পড়ে।
দুর্ঘটনার পর পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। কিছুক্ষণ পর বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মিরপুর-১৪ নম্বরে ভাষানটেকের হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে গর্ত খুঁড়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মাটির নীচে আরো শ্রমিক চাপা পড়ে থাকতে পারে আশঙ্কায় দমকল বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্ধারকারীরা কাজ শুরু করে। তবে সেখানে কোন মৃতদেহ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইটি/এসআইএম/এমআই/কেএমএস/১৬১৬ ঘ.
bdnews24