২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগে মনোনয়ন দাখিলের শেষ দিন শনিবার

ঢাকা বিভাগের পৌরসভাগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের পৌরসভাগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন আগ্রহী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।" নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঢাকা বিভাগের ৬৪ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা। তবে আদালতের স্থগিতাদেশে মাদারীপুর, মোহনগঞ্জ, ফরিদপুর সদর ও নরিসিংদীর মাধবদী পৌরসভায় নির্বাচন হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভার প্রার্থীদের মনোনায়নপত্র যাচাই-বাছাই হবে ২০ ও ২১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১ জানুয়ারি। ভোট হবে আগামী ১৭ জানুয়ারি। বিশ্বাস লুৎফুর রহমান জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল, শোডাউন করা যাবে না। প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে নিতে পারবেন না। তিনি বলেন, "নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়ানপত্র দাখিলের আগেই প্রার্থীকে কোনো তফসিলী ব্যাংকে একাউন্ট খুলতে হবে এবং তাতে নির্ধারিত জামানত জমা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে সাতটি তথ্য দিতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না।" যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ঢাকা বিভাগের যে ৬৪ পৌরসভায় নির্বাচনের কথা রয়েছে সেগুলো হলো- টাঙ্গাইলের টাঙ্গাইল, কালিহাতি, মির্জাপুর, সখিপুর, মধুপুর, ধনবাড়ি, ভূঞাপুর, ঘাটাইল, ময়মনসিংহের ময়মনসিংহ, ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশাল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ভালুকা, গফরগাঁও, রাজবাড়ীর রাজবাড়ী, গোয়ালন্দ, পাংশা, ঢাকার সাভার, ধামরাই, শেরপুরের শেরপুর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী, নরসিংদীর নরসিংদী, মনোহরদী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, তারাব, গোপালগঞ্জের গোপালগঞ্জ, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, জামালপুরের জামালপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা, নেত্রকোনার নেত্রকোনা, দুর্গাপুর, কেন্দুয়া, মদন, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ, মিরকাদিম, মাদারীপুরের শিবচর, কালকিনি, ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী, কিশোরগঞ্জের কিশোরগঞ্জ, কটিয়াদী, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইর। গত ১৩ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় পাঁচ সহস্রাধিক প্রার্থী, ১৫ ডিসেম্বর খুলনা ও বরিশাল বিভাগের ৫০ পৌরসভায় প্রায় দুই হাজার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের অর্ধশত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪৩০ ঘ.