২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদ হত্যা মামলা: নাম প্রত্যাহারের শুনানি

রাজধানীর দক্ষিণখানের প্রকৌশলী আবদুল হামিদ হত্যা মামলার পাঁচ আসামির নাম প্রত্যাহার আবেদনের শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের প্রকৌশলী আবদুল হামিদ হত্যা মামলার পাঁচ আসামির নাম প্রত্যাহার আবেদনের শুনানি হয়েছে। বুধবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক কানিজ আকতার নাসরিনা খানম এ শুনানি করেন। মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলা প্রত্যাহারের শুনানি হয় পাঁচজনের জন্য। এরমধ্যে দু'জন রয়েছেন পলাতক। এ পাঁচজন হলেন- ইকবাল সিদ্দিকী, হুমায়ুন কবীর, শাহীন মোল্লা, তার বাবা জয়নাল আবেদীন মোল্লা ও ভাই শরীফ মোল্লা। এর মধ্যে শাহীন মোল্লা ও হুমায়ুন কবীর পলাতক রয়েছেন। বাকি চারজন হলেন- দীপু, জাকির হোসেন, সুন্দরী লিটন ও নিরঞ্জন। শুনানি শেষে হাকিম কানিজ আকতার নাসরিনা খানম এ ব্যাপারে আদেশ দেওয়ার জন্য আগামী ২২ ডিসেম্বর তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি প্রত্যাহারের এ আবেদন করেনে। আসামি বা বাদীর মধ্যে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তা তিনি বলতে পারবেন না। আসামি জয়নাল আবেদীন মোল্লা বলেন, তিনি চাকরি করতেন। রাজনীতি করতেন না। তবে তার ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বাদীপক্ষের ব্যক্তিগত আইনজীবী আলী হোসেন এ বক্তব্যের বিরোধিতা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিরা নিজেরা তো নয়ই, এমনকি তাদের পরিবারের কোনো সদস্য কখোনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা নয়।" মামলা থেকে পলাতক আসামির নাম প্রত্যাহার করা ফৌজদারি কার্যবিধি পরিপন্থি বলেও তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মামলার সব আসামির খালাস চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আদালতে আবেদন করেন। নিহতের শ্যালক আফজাল হোসেন ও বাদীনির ব্যক্তিগত আইনজীবী হাবিবুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেও এ মামলা করা হয়নি। নিহত হামিদও রাজনীতি করতেন না। "অথচ এ জলজ্যন্ত হত্যা মামলাটি রাজনৈতিক মামলা বলে চালিয়ে দিয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে," বলেন তিনি। এর আগে গত ২৮ নভেম্বর একই হাকিম শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি সৈয়দ শামসুল হক বাদলকে বলেছিলেন, "মামলাটি প্রত্যাহারের আবেদন সুনির্দিষ্ট নয়। কোন কোন আসামির নাম প্রত্যাহার করতে হবে তা আবেদনে উল্লেখ করা হয়নি।" তিনি নতুন করে আবেদন করার পরামর্শ দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাতে দক্ষিণখানের নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী আবদুল হামিদ। ভোরে বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা হামিদকে গুলি করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হামলার সময় তার মেয়ে ফারহানা চিৎকার করলে তাকেও গুলি করা হয়। ওইদিনই আবদুল হামিদের স্ত্রী সাইদা হামিদ বাদী হয়ে প্রতিবেশী জয়নাল আবেদীন মোল্লা ও তার চার সহযোগীর বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন। জয়নালের বাড়ি থেকে পুলিশ ডাকাতি হওয়া বেশকিছু মালামালও উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩২৫ ঘ.