চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী 'প্রেস ক্লাব উৎসব' বুধবার শুরু হয়েছে।
দুপুরে নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক।
প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আর্থিক সহায়তায় চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন নির্মাণ করা হয়। সিসিসি'র সব আর্থিক দেনা পরিশোধ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকদেরও স্বাধীনভাবে কাজ করা ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের অধিকার রয়েছে। মেয়র থাকাকালে চট্টগ্রামবাসী ও সাংবাদিকদের স্বার্থে প্রেস ক্লাব ভবন নির্মাণে এগিয়ে এসেছিলাম।
সাংবাদিক এম ওবায়দুল হক বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন আজ স্বনির্ভর অবস্থায় মাথা তুলে দাঁড়িয়েছে। এ স্বনির্ভরতার পেছনে সাবেক সিটি মেয়রসহ তৎকালীন প্রশাসনের অনেক উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রয়াত সহকর্মীদের অবদান স্মরণীয়।
প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক নওশের আলী খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক নিযাম উদ্দিন আহমদ, কলিম সরওয়ার এবং বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ রউফ।
উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান বৃহস্পতিবার নগরীর স্বাধীনতা পার্কে সকাল সাড়ে ন'টায় শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম। আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা, র্যাফেল ড্র-সহ নানা আয়োজন থাকবে এ দিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩১৪ ঘ.
bdnews24