২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস বৃহস্পতিবার

মহান মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৯তম বার্ষিকী বৃহস্পতিবার। বাধভাঙা আনন্দ-উল্লাসে সিক্ত অগুণতি আয়োজনে জাতি বিজয়ের এ বার্ষিকী উদযাপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৯তম বার্ষিকী বৃহস্পতিবার। বাধভাঙা আনন্দ-উল্লাসে সিক্ত অগুণতি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতি বিজয়ের এ বার্ষিকী উদযাপন করবে। নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। পাকিস্তানি সামরিক বাহিনীর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। সমগ্র বাঙালি জাতি দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও যুদ্ধে আগাগোড়া সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে বিধ্বস্ত পাকিস্তানি সেনাবাহিনী। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বৃহস্পতিবার প্রত্যুষে তেজগাঁও পুরনো বিমান বন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। এছাড়াও বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণও শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, কারারক্ষী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এতে সালাম গ্রহণ করবেন। বঙ্গভবনে সংবর্ধনাসহ রয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা। বিজয় দিবসের বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, "রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। বিজয়ের চার দশক পার হলেও আমরা সে লক্ষ্য আজো পুরোপুরি অর্জন করতে সক্ষম হইনি। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র জাতির জনককে হত্যা করে গণতন্ত্র ও উন্নয়নের পথকে রুদ্ধ করে। পরবর্তীতে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথও মসৃণ ছিল না। ফলে আমরা পিছিয়ে পড়ি কাক্সিক্ষত উন্নয়ন থেকে।" স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে দেশ গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান তিনি। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসের কোনো আকস্মিক ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাঙালি জাতির দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের চূড়ান্ত পরিণতি ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ।" তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের পর উনচল্লিশ বছর পেরিয়ে গেছে। কিন্তু স্বাধীনতার স্বপ্ন-সাধ এখনও পূরণ হয়নি। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এই সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আসুন, দল-মত শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি।" বিরোধী দলের নেতা খালেদা জিয়া তার বাণীতে বলেন, "শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।" তিনি বলেন, "১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্র"মুক্ত হলেও আধিপত্যবাদী শক্তি স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিনত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এর বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।" বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি রেডিও এবং টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং রাতে আলোকসজ্জায় সজ্জিত করা হবে বিশেষ বিশেষ স্থাপনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৫৭ ঘ.