২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অভিবাসী শ্রমিক হয়রানি রোধে আইন হবে'

অভিবাসী শ্রমিকদের হয়রানি, নির্যাতন ও প্রতারণা রোধে সরকার প্রয়োজনে আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসী শ্রমিকদের হয়রানি, নির্যাতন ও প্রতারণা রোধে সরকার প্রয়োজনে আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার সিরডাপ মিলনায়তনে 'অভিবাসী শ্রমিক বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুসমর্থন' শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, "অভিবাসী শ্রমিকরা দেশে-বিদেশে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হন। কিছু রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়। তা স্বত্ত্বেও শ্রমিকরা নানা প্রতারণার শিকার হন। "দেশের অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদানের কথা বিবেচনায় রেখে এসব হয়রানি, নির্যাতন ও প্রতারণা থেকে নিস্কৃতি দিতে এবং তাদের অধিকার সুরক্ষায় সহযোগিতা দিতে সরকার প্রয়োজনে আইন প্রণয়ন করবে।" সরকার শিগগির অভিবাসী শ্রমিক ও তাদের পরিবার বিষয়ক জাতীয় কনভেনশন অনুসমর্থন করবে বলে জানান মন্ত্রী। শফিক আহমেদ বলেন, "১৯৯০ সালের এ কনভেনশন অনুসমর্থিত হলে এ দেশের অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা অধিকতর সুরক্ষিত হবে। বিদেশে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।" কনভেনশন অনুসমর্থন বিষয়ক কার্যক্রম অনেক দূর এগিয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে অনুসমর্থনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান জানান, ৭০ লাখ অভিবাসী শ্রমিকসহ প্রায় এক কোটি বাংলাদেশি বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছে। জিডিপিতে এ খাতের অবদান ১৩ ভাগ। রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) এবং মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া এ সংলাপের আয়োজন করে। আরএমএমআরইউ'র পরিচালক সি আর আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন আরএমএমআরইউ চেয়ারপার্সন তাসনিম সিদ্দিকী, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাইফুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসী শ্রমিক বিষয়ক কনভেনশনের জাতিসংঘ কমিটির চেয়ারপার্সন আবদেল হামিদ আল জামরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৯২৭ ঘ.