ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের আয়োজনের মধ্যে ছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, জগন্নাথ হল, জহুরুল হক হল, মধুদার প্রতিকৃতিসহ বিভিন্ন জায়গায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
সকাল আটটায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মৌন মিছিলসহ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাবি জহুরুল হক হলও আলোচনা সভার আয়োজন করে।
এতে হলের শহীদ ছাত্রদের নামে হলের বিভিন্ন ব্লকের নামকরণ করা হয়।
হলের প্রাধ্যক্ষ আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবদুল জলিল প্রমুখ।
এর আগে হলের প্রধান ফটকে সার্জেন্ট জহুরুল হক ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ম্যুরাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একযোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনগুলো হচ্ছে- ঢাবি সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, চলচ্চিত্র সংসদ, টুরিস্ট সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, স্লোগান'৭১, স্পন্দন'৭১, ব্যাকবেঞ্চার ও সাংস্কৃতিক ইউনিয়ন।
তাদের কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন।
এ সময় সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনদফা দাবি পেশ করেন।
তাদের দাবিগুলো হচ্ছে- মুক্তিযুদ্ধেও সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী হত্যাকারীদের বিচার করতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং 'যুদ্ধাপরাধী' আতিকুজ্জামান খান এর নামে থাকা ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরীর নাম পরিবর্তন।
বিকেল সাড়ে পাঁচটায় ছিল স্লোগান'৭১-র আয়োজনে আলোর মিছিল ও 'চিহ্নিত যুদ্ধাপরাধীদের' কুশপুত্তলিকা দাহ কর্মসূচি। সন্ধ্যা ছয়টায় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করে মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24