রাজশাহী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলায় একটি হিমাগারে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে উপজেলার নওহাটার বড়গাছির যমুনা কোল্ডস্টোরেজে আগুন লাগে।
রাজশাহী সদর দমকলের দু'টি ইউনিট দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পবা থানার ওসি রমজান আলী বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। দমকলের দু'টি ইউনিট এসে সাড়ে ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হিমাগারের ভেতরে থাকা আলুসহ বিভিন্ন সম্পদ পুড়ে গেছে বলে তিনি জানান।
রাজশাহী সদর দমকল বাহিনী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, আগুন নিভে গেলেও ভেতরে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24