২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় পাটকলে আগুন: চার কর্মকর্তা রিমান্ডে

ডেমরার আহমেদ লতিফ বাওয়ানি পাটকলে আগুন লাগার ঘটনার মামলায় গ্রেপ্তার মিলের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেমরার আহমেদ লতিফ বাওয়ানি পাটকলে আগুন লাগার ঘটনার মামলায় গ্রেপ্তার মিলের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। আসামিরা হলেন মিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. এনামুল হক, উপ-ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সহ ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা এসএম মহিদুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপ-পরিদর্শক মো. আবু সাইদ তাদের মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে সাতদিনের হেফাজত চান। শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে দুইদিন হেফাজতে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম এজেএম আল মাসুদ। আসামিদের হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, গত রোববার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মিলের ১, ২ ও ৩ নম্বর গুদাম এবং প্রেসে আগুন লাগার ঘটনায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই মিলের শ্রমিক পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার মামলা করেন। কী কী কারণে আর কার কার সংশ্লিষ্টতায় আগুন লাগে তা জানার জন্য দীর্ঘ সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ জরুরি। সে কারণে তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৩৪ ঘ.