২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণখেলাপি প্রার্থীদের সম্পর্কে তথ্য চেয়েছে ইসি

পৌর নির্বাচনের ঋণখেলাপি প্রার্থীদের অযোগ্য ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের কাছে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের ঋণখেলাপি প্রার্থীদের অযোগ্য ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের কাছে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ের আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহে নির্দেশনা দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ইসি সচিব মোহাম্মদ সাদিক। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পৌর ও পল্লী) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য জানান। ঋণখেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন বা তার আগে রিটার্নিং কর্মকর্তাকে সরবরাহ করতে এবং প্রয়োজনে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনয়নপত্র যাচাইয়ের দিন উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিতে ইসি সচিব এক চিঠিতে অর্থসচিবকে অনুরোধ জানিয়েছেন। মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, বাবা-মায়ের নাম ও অন্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে সংগ্রহ করার অনুরোধও জানায় ইসি। পৌরসভা আইন অনুযায়ী ঋণখেলাপিরা প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। আগামী ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭২ পৌরসভায় ৫২১৫ মনোনয়ন জমা রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে পাঁচ হাজার দুশ ১৫ জন মনোনয়ন দাখিল করেছেন। পাঁচশ আটজন মেয়র, তিন হাজার ছয়শ ৯৭ জন সাধারণ কাউন্সিলর এবং এক হাজার ১০ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন। রংপুর ও রাজশাহী বিভাগে ১২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মঙ্গলবার রংপুর বিভাগের উপ নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিভাগের ২৩টি নির্বাচনযোগ্য পৌরসভায় এক হাজার ছয়শ ৭৮ জন মনোনয়ন দাখিল করেছে। এর মধ্যে একশ ৬৬ জন মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার একশ ৯০ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে তিনশ ২২ জন মনোনয়ন দাখিল করেছেন। রাজশাহী বিভাগের নির্বাচনযোগ্য ৪৯ পৌরসভায় তিনটি পদে তিন হাজার পাঁচশ ৩৭ জন মনোনয়ন দাখিল করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান। তিনি জানান, এ বিভাগের পৌরসভাগুলোয় মেয়র পদে তিনশ ৪২, সাধারণ কাউন্সিলর পদে দু হাজার পাঁচশ সাত এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়শ ৮৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। আবদুল বাতেন জানান, ১৪ ও ১৫ ডিসেম্বর এসব পৌরসভার মনোনয়নপত্র বাছাই চলবে। ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর আপিল নিষ্পত্তির সুযোগ রয়েছে। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই বিভাগের প্রার্থী চূড়ান্ত হবে বলে জানান তিনি। খুলনা ও বরিশাল বিভাগের ৫৫ পৌরসভার মনোনয়ন দাখিলের দিন শেষ হচ্ছে বুধবার। আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা কমছে বলে জানান ইসি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৫ ঘ.