২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে মার্বেল খেলা নিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ভোলা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে মার্বেল খেলা নিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে আলী নগর ইউনিয়নের সাচিয়া গ্রামের বিশ্বাস বাড়ির রফিকের (৫০) ছেলে এমরানের সঙ্গে মার্বেল খেলা নিয়ে একই এলাকার বজলু মিয়ার ছেলে রাকিবের ঝগড়া হয়। এর জের ধরে ওই দুই ছেলের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বজলু মিয়ার নেতৃত্বে তার ছেলে আলাউদ্দিন, সালাউদ্দিন, বাচ্ছুসহ ৮/১০ জন গিয়ে রফিককে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। রফিক সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকের স্ত্রী রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেশী বজলু মিয়ার সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেই তারা ধারালো অস্ত্র নিয়ে মারতে আসতো। মঙ্গলবার তারা ১০/১২ জন মিলে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে।" ভোলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত তরিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা কিনা তা এখনো নিশ্চিত নয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৭ ঘ.