ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িলে ভাংচুরের মামলায় গ্রেপ্তারের পর পুরনো একটি মামলায় পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে পেয়েছে পুলিশ।
সোমবার রাতে মোশরেফাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কুড়িলে ভাংচুরের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে মোশরেফাকে গ্রেপ্তার করা হয়েছে।
খিলক্ষেত থানায় করা মামলায় মোশরেফাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন জানিয়ে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়। হাকিম হাবিবুর রহমান ভূইয়া বুধবার ওই আবেদনের শুনানির দিন ঠিক করে দেন।
বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে গত রোববার কুড়িলে তিনটি কারখানার বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। জোয়ার সাহারা এলাকায় কিমিয়া কমপ্লেক্সের ওই তিন কারখানা হলো কিমিয়া গার্মেন্টস, সানসীড ও ইডেন।
খিলক্ষেতের মামলার পর কাফরুল থানায় গত জুন মাসের একটি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় মোশরেফাকে ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানায় পুলিশ।
মহানগর হাকিম এএমএম ইসমাইল হোসেন ওই আবেদনে মোশরেফাকে দুই দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কাফরুল থানায় গত ৩০ জুন দায়ের করা এ মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক। এ মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টির নেতা মন্টু ঘোষও আসামি।
একই থানায় গত ৯ ডিসেম্বর দায়ের করা অন্য একটি মামলায় মোশরেফাকে হেফাজতে চেয়েও আবেদন করে পুলিশ। তবে তা নাকচ হয়।
মঙ্গলবার আদালতে মোশরেফার পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করেন হাকিম।
বামপন্থী দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফাকে হাতকড়া পড়িয়ে আদালতে নেওয়া হলে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি কী চোর না ডাকাত যে এভাবে হাতকড়া পড়ানো হবে?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/আরএ/১৮০০ ঘ.
bdnews24