২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবকের নতুন চেয়ারম্যান কমোডর আনওয়ারুল ইসলাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হয়। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কমোডর আনওয়ারুল ইসলাম। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল ও নিয়োগ দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক পদে বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদুল্লাহকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এজন্য তার অবসর প্রস্তুতিমূলক ছুটি বাতিল করা হয়েছে। অন্য এক আদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েসকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার শাহ তারিক মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম মেরিন একাডেমীর নটিক্যাল প্রশিক্ষক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে প্রেষণে কর্মরত রেজাউল করিম খানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৪০ ঘ.