নাটোর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতের নাম আসলাম মোল্লা (৩৭)। মঙ্গলবার সকালে আত্রাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে পুলিশ জানিয়েছে।
আসলাম নাছিয়ারকান্দি গ্রামের আব্দুল মোল্লার ছেলে। গ্রাম সংলগ্ন নদীতেই লাশটি পাওয়া যায়।
আসলামের গলায় ও পেটে কয়েকটি জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তার আত্মীয় বদিবার মোল্লা।
তিনি সাংবাদিকদের বলেন, সোমবার রাত ৯টা থেকে আসলাম নিখোঁজ ছিলো। মঙ্গলবার সকালে আত্রাই নদীতে তার লাশ ভাসতে দেখা যায়।
বদিবার জানান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল মোল্লার ভাই আসলাম বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন।
আসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি একেএম ফায়জুর রহমান বলেন, কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24