ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কুড়িলে শ্রমিক অসন্তোষ ও ভাংচুরে ইন্ধন দেওয়ার অভিযোগে পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোশরেফাকে সোমবার রাতে হাতিরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান।
মোশরেফা বামপন্থী দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি।
মোশরেফার পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, রাত দেড়টার দিকে বাড়ি থেকে মোশরেফাকে তুলে নিয়ে যায় পুলিশের একটি দল।
খিলক্ষেত থানায় করা মামলায় মোশরেফাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়। হাকিম হাবিবুর রহমান ভূইয়া বুধবার ওই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন।
বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে গত রোববার কুড়িলে তিনটি কারখানার বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। জোয়ার সাহারা এলাকায় কিমিয়া কমপ্লেক্সের ওই তিন কারখানা হলো কিমিয়া গার্মেন্টস, সানসীড ও ইডেন।
পুলিশ কর্মকর্তা মাসুদুর বলেন, ভাংচুরের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে মোশরেফাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24