চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসকে সামনে রেখে চট্টগ্রাম কারাগার থেকে সোমবার নয় বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
অর্ধেক সাজা ভোগকারী এই বন্দিদের বেলা আড়াইটায় মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারাধ্যক্ষ রফিকুল কাদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের বিধানমতে রাষ্ট্রপতির আদেশে তারা মুক্তি পান।
গত ১৫ নভেম্বর 'বন্দি মুক্তি সুপারিশ কমিটি' তাদের মুক্তির সুপারিশ করলে রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেন।
মুক্তি পেয়েছেন- মোহাম্মদ মাসুদ, হাফেজ ফরিদুল আলম, আবদুর রহিম, নুরুল ইসলাম, মোহাম্মদ ছগির, রমজান আলী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইউসুফ ও বশির আহাম্মদ।
মুক্তি পাওয়া নুরুল ইসলাম বিকালে কারাগার এলাকায় সাংবাদিকদের বলেন, "দুই বছর দুই মাসের সাজাপ্রাপ্ত ছিলাম। এক বছর একমাসের মাথায় মুক্তি পেয়ে ভাল লাগছে।"
বাকি জীবনটা তিনি ভালোভাবে কাটাতে চান বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24