২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই সরবরাহ কার্যক্রমে সন্তুুষ্ট এনসিটিবি

জেলা পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ কার্যক্রমের বর্তমান অবস্থায় সন্তুষ্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ কার্যক্রমের বর্তমান অবস্থায় সন্তুষ্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কাগজ সরবরাহে ব্যর্থ নিপুণ এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার তিনদিন আগে রোববার পর্যন্ত জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের ৮৫ দশমিক ৫৪ শতাংশ এবং প্রাথমিক স্তরের ৬৬ দশমিক ৩৮ শতাংশ বই সরবরাহ করা হয়েছে বলে জানান এনসিটিবি'র সদস্য অধ্যাপক আবুল কাশেম মিয়া। তবে, সরকারি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেসন্স এখনো ছাপার কাজ শেষ করতে পারেনি। এদের হাতে রয়েছে প্রাথমিক স্তরের প্রায় দু' কোটি আট লাখ বই। ফলে এ বই নিয়ে জটিলতা হতে পারে বলে আশঙ্কা করছেন অধ্যাপক কাশেম। ১৫ ডিসেম্বরের মধ্যে জেলায়, ২১ ডিসেম্বরের মধ্যে উপজেলায় এবং ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছানোর কথা। গত ৪ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক ছাপানো ও সরবরাহ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিটিবি'র হিসেব মতে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৮১ দশমিক ২৭ শতাংশ, ইংরেজি সংস্করণের ৫৫ দশমিক ৫২ শতাংশ, দাখিল ভোকেশনালের ৯৭ শতাংশ, দাখিলের ৯৮ দশমিক ৫৭ শতাংশ বই ইতোমধ্যেই জেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে। মাধ্যমিক স্তরের মোট বইয়ের ৮৫ দশমিক ৫৪ শতাংশ জেলায় পৌঁছেছে। প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৬২ দশমিক ০১ শতাংশ, তৃতীয় শ্রেণির ৫১ দশমিক ৫৯ শতাংশ এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭৯ দশমিক ১২ শতাংশ এরই মধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া ইবতেদায়ির ৯৮ শতাংশ বইও জেলায় পৌঁছে গেছে। প্রাথমিক স্তরের সব মিলিয়ে মোট বইয়ের ৬৬ দশমিক ৩৮ শতাংশ জেলায় পৌঁছেছে। বই সরবরাহের কাজে সামগ্রিক অগ্রগতি হলেও আন্তর্জাতিক দরপত্রে ছাপানো বই আনা এবং দেশেই মুদ্রকদের কাজে কিছু সমস্যার কথা জানিয়েছে এনসিটিবি। আন্তর্জাতিক টেন্ডারে ছাপানো প্রাথমিকের প্রায় সোয়া কোটি বই বন্দরে আটকে আছে। এসব বই চলে এলেই প্রাথমিকের পরিসংখ্যান আরো বেড়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। বাকি এক কোটি ৭৫ লাখ বই ইতোমধ্যেই চলে এসেছে। যা জেলা পর্যায়ে সরবরাহের কাজও প্রায় শেষ। বাংলাদেশের তুলা আমদানির বিষয়ে বন্দরে জটিলতার কারণে বই আনার কাজটি আটকে আছে। রোববার এনসিটিবি'র সদস্য ও চেয়ারম্যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিবের সাথে দেখা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএমটি/পিডি/২২৩২ ঘ.