২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাব হত্যা মামলার কার্যক্রম স্থগিত

মিরপুরের আফতাব হত্যা মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিরপুরের আফতাব হত্যা মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া এ সংক্রান্ত নিু আদালাতের আদেশ কেন বাতিল করা হবে না, এক সপ্তাহের মধ্যে আসামিদের কাছে তার কারণ জানতে চেয়েছে উচ্চ আদালত। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বোরহানউদ্দিনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। একটি নিু আদালাত মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বলে সকল আসামির নাম প্রত্যাহারের আদেশ দেয়। পরে আরেক আদেশে বলা হয়- ওসমান গণি ছাড়া অপর আসামিদের বিরুদ্ধে মামলা চলবে। গত ২৯ নভেম্বর একটি বাংলা দৈনিকে 'খুনের মামলা প্রত্যাহার, শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি' এবং ১ ডিসেম্বর 'মামলাটির পুনর্জন্ম, প্রধান আসামি মুক্ত'- শিরোনামে দু'টি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নিু আদালতের ওই দু'টি আদেশ ঠিক ছিল কিনা তা দেখার জন্য ২ ডিসেম্বর হাইকোর্টের এই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে মামলাটির নথি তলব করে। ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতে আগামী ২৭ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। এ আদালতই গত ২৯ নভেম্বর ওসমান গনি ছাড়া অপর আসামিদের বিরুদ্ধে মামলা চলবে বলে নির্দেশ দেয়। এর আগে ৩ অক্টোবর নিু আদালত মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রত্যাহারের আদেশ দেয়। গত ৫ সেপ্টেম্বর মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মামলাটি প্রত্যাহারের আবেদন করে। ২০০৫ সালের ২৫ ডিসেম্বর মিরপুরে নিজ বাসার সামনে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফতাবউদ্দিনকে দুর্বৃত্তরা গুলি করে। ওই বছরের ২৮ ডিসেম্বরে তিনি মারা যান। এ ঘটনায় আফতাবের ভাই আফরোজ উদ্দিন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/২২২২ ঘ.