চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেড মোড়ে রোববারের সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় জানা গেছে। আরেক নিহত 'আরিফুল ইসলামের' পরিচয় সংশোধন করেছে পুলিশ।
নিহত দুই যুবকের পরিবারের সদস্যরা সোমবার সকালে তাদের শনাক্ত করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরেই নিহতদের পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত দুজনের একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেলবুনিয়া গ্রামের মোহাম্মদ লিটনের ছেলে মোহাম্মদ মঞ্জু (২২)। তিনি সিইপিজেড এলাকার একটি কারখানার শ্রমিক। তার বাসা বন্দর থানাধীন কলসির দীঘির পাড় এলাকায়।
নিহত অন্যজনের নাম মোহাম্মদ মিলন (২৮)। বরিশালের বাবুগঞ্জের মোহাম্মদ ফরিদের ছেলে মিলন পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রী। তার বাসা বন্দরটিলা এলাকায়।
এছাড়া রোববার গুলিতে নিহত 'আরিফুল ইসলামের' প্রকৃত পরিচয় পাওয়া গেছে।
এসআই মনির বলেন, "তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তার নাম মো. বেলাল (৩২)। পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার নবী শিকদারের ছেলে বেলার পেশায় দিনমজুর।"
রোববার বেপজা চেয়ারম্যান এবং পুলিশ সাংবাদিকদের কাছে বেলালকে 'আরিফুল ইসলাম' হিসাবে উল্লেখ করেন।
বিডিনিউজ েেটায়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৫ ঘ.
bdnews24