২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজটি একই স্থানে রয়েছে

আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি জাহান মণির অবস্থান শুক্রবার গভীর রাত থেকে অপরিবর্তিত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি জাহান মণির অবস্থান শুক্রবার গভীর রাত থেকে অপরিবর্তিত রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত চিত্রের ভিত্তিতে জাহাজটির মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেড একথা জানিয়েছে। প্রতিষ্ঠানের মেরিন সুপারিনডেনডেন্ট ক্যাপ্টেন মো. গোলাম মোস্তফা এবং নির্বাহী কর্মকর্তা ফিরোজ আলম রোববার দুপুর ১২টার দিকে জানান, জাহাজটি সোমালিয়ার উপকূলবর্তী গ্রাম 'গ্যারাকাড' এ শুক্রবার রাত দেড়টা থেকে নোঙ্গর করা আছে। গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার দুপুর ১২টা পর্যন্ত জাহাজটির অবস্থান অপরিবর্তিত ছিলো। তবে জাহাজে থাকা রোমিং ফোন ও মেইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।" মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগের সব রকম চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে এমভি জাহান মণি ভারতের কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক সপরিবারে রয়েছেন। জাহাজটি ছিনতাই হওয়ার পর থেকে জলদস্যুরা এর ফোন ও মেইল যোগাযোগ বিচ্ছিন্ন করেনি। গত ৭ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও নৌমন্ত্রী শাজাহান খান জানান, জাহাজ ও নাবিকদের উদ্ধারে বিভিন্ন দেশের উদ্ধারকারী সংস্থা জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। দীপু মনি বলেন, "জাহাজটি তীরে না ভেড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এজে/১৫২৩ ঘ.