মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষুব্ধ শ্রমিকদের ভাংচুর আর আগুনে অশান্ত এখন চট্টগ্রাম ইপিজেড। সেখানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
কোরীয় মালিকানাধীন ইয়াং ওয়ান কর্পোরেশনের একটি কারখানা থেকে শনিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুরের পর রাতে প্রতিষ্ঠানটি তাদের সব কারখানা বন্ধ করে দেয়।
রোববার সকাল ৮টায় কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রমিকরা ইপিজেডের ভেতরে কয়েকটি কারখানায় হামলা চালায়। তারা বাইরে থেকে কিছু ভাংচুরের পর বাধা পেয়ে ইপিজেড সংলগ্ন সড়কে নেমে আসে। এরপর পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহর মুখে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা সাড়ে ৯টার দিকে রাস্তায় নেমে আসে।"
কয়েক হাজার শ্রমিক এয়ারপোর্ট রোডের ইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অল্প সংখ্যক পুলিশ ও আনসার সদস্য ইপিজেডের ফটক বন্ধ করে শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়।
শ্রমিকরা লাঠি-সোঁটা নিয়ে সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর ইপিজেড মোড়ের বে শপিং সেন্টার ও ঝনক প্লাজা নামে দুটি বিপণি বিতানে ভাংচুর চালায়।
দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা ইপিজেডের ফটকের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
শ্রমিকদের হামলায় আহত হয়েছেন দুজন সাংবাদিক। তারা হলেন- বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হাসান ফেরদৌস ও দৈনিক ইনকিলাবের আলোকচিত্রী কুতুবউদ্দিন। তারা চট্টগ্রাম শহর থেকে ইপিজেডে আসছিলেন। কুতুবের ক্যামেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে জলকামান থেকে পানি, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শ্রমিকদের ইপিজেড মোড় থেকে হটিয়ে দেয়। শ্রমিকরা দূরে অবস্থান নিয়ে আছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকশিশনার (বন্দর) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধ ইয়াং ওয়ানের শ্রমিকদের পুলিশ বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ইপিজেডে ভাংচুর চালায়। শ্রমিকরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে পুলিশ তাদের কারখানার বাইরে হটিয়ে দিলে সেখানেও তারা ভাংচুর শুরু করলে পুলিশ ব্যবস্থা নেয়।"
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, শনিবার সংঘর্ষের পর থেকে তাদের দুই সহকর্মীকে পাওয়া যাচ্ছে না। তাদের আশঙ্কা, ওই দুজন নিহত হয়েছেন।
তবে শ্রমিকদের এ অভিযোগ ভিত্তিহীন বলে জানান পুলিশ কর্মকর্তা কুসুম।
এদিকে সকালের সংঘর্ষের পর থেকে ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হলেও দুপুর সাড়ে ১২টার দিকে তা খুলে দেওয়া হয়। তখন শ্রমিকদের এক যোগে বেরিয়ে আসতে দেখা যায়। তারা বলছে, সব কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএম/এমআই/১২৪৫ ঘ.
bdnews24