২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর

বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে রাজধানীর কুড়িলে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:12 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৈষম্য নিয়ে অসন্তোষের জের ধরে রাজধানীর কুড়িলে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। তিনটি কারখানার শ্রমিকদের অবরোধের কারণে রোববার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কুড়িলে বিমানবন্দর সড়ক ও বিশ্বরোডে গাড়ি চলাচল বন্ধ ছিলো। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের হটিয়ে দিলে তিন ঘণ্টা পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। জোয়ার সাহারা এলাকায় কিমিয়া কমপ্লেক্সের ওই তিন কারখানা হলো কিমিয়া গার্মেন্টস, সানসীড ও ইডেন। বিক্ষুব্ধ শ্রমিকরা অন্তত ৩০টি গাড়ি ভাংচুর ও তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে। এই তিনটি গাড়ির মধ্যে একটি কার, একটি মাইক্রোবাস এবং একটি বাস। কার এবং মাইক্রোবাস পুরোপুরি ভস্মীভূত হয়। বাড্ডা থানার ওসি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল ১০টা পর্যন্ত শ্রমিকরা শান্ত থাকলেও এরপর সহিংস হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দেড় ঘণ্টা ধরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ প্রায় ২৫ থেকে ৩০জন আহত হয়। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়ার মুখে দুই পুলিশ সদস্য বিশ্বরোড মোড়ে পশ্চিম দিকে বাসস্ট্যান্ডের পেছনে ডোবায় ঝাঁপিয়ে আত্মরক্ষা করে। তখন পুলিশের একটি ওয়ারলেস সেট হারিয়ে যায়। তবে প্রায় দুই ঘণ্টা পর তা উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শ্রমিকদের ছোড়া ইটে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খিলক্ষেত থানার উপপরিদর্শক আব্দুল মোত্তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, ঘটনার সময় গ্রেপ্তারকৃত সাতজনকে র‌্যাব থানায় দিয়ে যায়। বাড্ডা থানার ওসি মুজিবুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কাঠামো অনুযায়ী বেতন, বেতনের সঙ্গে ওভারটাইম প্রদানসহ কিছু বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সিনহা অ্যাপারেলসের কিছু শ্রমিক। এ কারখানাটি শনিবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বলে পুলিশ জানায়। এদিকে পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষুব্ধ সব শ্রমিক কিমিয়া কমপ্লেক্সে এসে সমবেত হয়। সেখানে তারা মাইক লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা সাড়ে ১২টার দিকে নাসা গ্র"পের পরিচালক খন্দকার সাইফুল আলমসহ দুই কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের দাবি দাওয়া শোনেন। তিনি নতুন বেতন কাঠামো অনুযায়ি বেতন প্রদান এবং বেতনের সঙ্গে ওভারটাইম প্রদানের দাবি মেনে নেন। এরপরেই শ্রমিকরা সানোয়ার নামে এক কর্মকর্তাকে কিমিয়া কমপ্লেক্সে থেকে প্রত্যারেরর দাবি জানালে এক পর্যায়ে তাও মেনে নেন পরিচালক সাইফুল ইসলাম। তবে শ্রমিকদের প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন প্রদানের দাবির ব্যাপারে সাইফুল ইসলাম ১০ তারিখ পর্যন্ত সময় চেয়ে নেন। শ্রমিকরা এতে সম্মতি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআর/এমআই/১৬৩৫ ঘ.