২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেকিগো পর্বতারোহনের আলোকচিত্র প্রদর্শনী

হিমালয়ের চেকিগো পর্বত আরোহনের আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমালয়ের চেকিগো পর্বত আরোহনের আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার শুরু হয়েছে। রাজধানীর মালিবাগে কসমস গ্যালারিতে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত টায়ইয়াং চো। বাংলাদেশ ও নেপালের পর্বতারোহীরা পর্বতটি বিজয়ের পর নেপালের মাউন্টেইন অ্যাসোসিয়েশন গত ২৫ অক্টোবর এই পর্বতশৃঙ্গের নাম দেয় 'নেপাল-বাংলাদেশ বন্ধুত্ব শিখর'। প্রদর্শনীর উদ্বোধনের আগে 'নেপাল-বাংলাদেশ বন্ধুত্ব শিখর' বিজয়ীদের 'ফ্লাগ-ইন' অনুষ্ঠিত হয়। নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কৃষ্ণ চন্দ্র আরিয়াল ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ-নেপাল যৌথ পর্বতারোহী দলের প্রধান এমএ মুহিত ও পেমবা দর্জি শেরপার কাছ থেকে অভিযানের পতাকা গ্রহণ করেন। গত ২৪ ডিসেম্বর ঢাকায় নেপালের কাউন্সেলর ও মিশন উপপ্রধান কৃষ্ণ চন্দ্র আড়িয়াল এই পর্বতচূড়ায় ওঠার জন্য বাংলাদেশ ও নেপালের ১৩ জন অভিযাত্রীকে অনুমতি দেন। গত ১৮ অক্টোবর ১০ জন পর্বতারোহী ছয় হাজার দুইশ ৫৭ মিটার উচু এই পর্বতচূড়ায় আরোহন করেন। 'চেকিগো' পর্বত শিখর বিজয় করেন বাংলাদেশের পর্বতারোহী এমএ মুহিত, কাজী বাহারুল মঞ্জু বিপ্লব, সজল খালেদ, নূর মোহাম্মদ ও নিশাত মজুমদার নিশু। নেপালের পর্বতারোহীরা হলেন, পেমবা দর্জি শেরপা, মিগমা গালজি শেরপা, ডাওয়া কিপা শেরপা, নিগমা দর্জি শেরপা ও দাওয়া ইয়াংজুম শেরপা। এর আগে বিভিন্ন দেশের ১৩টি অভিযাত্রী দল এ পর্বত অভিযানে ব্যর্থ হয়। ফ্লাগ-ইন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসমস গ্র"পের চেয়ারম্যান আমান উল্লাহ ও অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক। আলোকচিত্র প্রদর্শনীতে পাঁচ বাংলাদেশি পর্বতারোহীর তোলা পর্বত আরোহনের ৪৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২২৪২ ঘ.