২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সচিবের বাসায় ডাকাতি

রাজধানীর পশ্চিম রাজাবাজারে একজন সচিব ও একজন প্রকৌশলীর বাসায় শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পশ্চিম রাজাবাজারে একজন সচিব ও একজন প্রকৌশলীর বাসায় শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাত দল দুই বাসার সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পুলিশ জানায়। শেরে বাংলানগর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে পশ্চিম রাজাবাজারে ইন্দিরা রোডে ওই বাসার দ্বিতীয় ও তৃতীয় তলায় এই ডাকাতি হয়। ৬/৭ সদস্যের ডাকাত দল দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে তৃতীয় তলার মূল দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তিনি বলেন, "দ্বিতীয় তলায় বাস করেন সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম। আর তৃতীয় তলায় বাস করেন সেকান্দার আলী নামের একজন প্রকৌশলী। ডাকাত দল সচিবের বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় ৪লাখ ৯হাজার টাকার মালামাল নিয়ে যায়। আর সেকান্দার আলীর বাসা থেকে নগদ ২লাখ ৫০হাজার টাকাসহ প্রায় ৪লাখ ২৩হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে তারা পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৫৯ ঘ.