কুমিল্লা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে বরযাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩ বরযাত্রী।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার রায়েরবাগ থেকে বর যাত্রীবাহী বাসটি কুমিল্লায় যাচ্ছিলো বলে জানিয়েছেন কুমিল্লা মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দন কান্তি ধর।
নিহত ট্রাক চালক মোশাররফ হোসেনের বাড়ি বগুড়া সদরে।
এসআই নন্দন কান্তি ধর জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মোশাররফ মারা গেছে।
ওদিকে সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দির হাড়িখোলা এলাকায় কুমিল্লা থেকে হোমনাগামী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী খলিলুর রহমান মারা গেছে। তার বাড়ি দাউদকান্দির তামতা গ্রামে।
অপরদিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে নির্মাণাধীন সেতুর ডাইভারশান রাস্তায় শুক্রবার সকালে একটি বাস খাদে পড়ে বাসের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছে ৪০ জন।
নিহত বাস চালক সোহেল মিয়া (২৬) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেপরোয়া গাড়ী চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মুরাদনগর থানার ওসি আমিরুল আলম সাংবাদিকদের জানান, বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে কোম্পানীগঞ্জ যাচ্ছিল।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮১১ ঘ.
bdnews24