২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষকদের সহায়তা দিলে উৎপাদন বাড়াবে'

কৃষকদের সহায়তা দেওয়ার ব্যাপারে আবারো গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষকদের সহায়তা দেওয়ার ব্যাপারে আবারো গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "কৃষকদের সহযোগিতা দিতে পারলে তারা উৎপাদন বাড়াতে পারবেন।" বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে কৃষি ব্যাংকের ৯৬২ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর এ কথা বলেন। প্রায় সাত মাস আগে জয়মন্টপের সবজির চাষ দেখতে এসে স্থানীয় কৃষকদের অনুরোধে তিনি কৃষি ব্যাংকের একটি শাখা খোলার আশ্বাস দিয়েছিলেন। ব্যাংকের শাখা উদ্বোধন করে আতিউর বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষক। কৃষকরা পণ্য উৎপাদন বৃদ্ধি করতে পারার কারণেই দেশে বিশ্বমন্দার প্রভাব পড়েনি। কৃষকদের অবদানেই দেশ খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে পেরেছে বলে মনে করেন তিনি। উদ্বোধনের দিনেই কৃষি ব্যাংক জয়মন্টপ শাখা ২৭ জন কৃষকের মধ্যে প্রায় ৪৫ লাখ টাকা ঋণ বিতরণ করে। অনুষ্ঠানিকভাবে এই ঋণের টাকা কৃষকের হাতে তুলে দেন আতিউর রহমান। কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বিভাগীয় মহাব্যবস্থাপক সৈয়দ আহমেদ, মুখ্য মহাব্যবস্থাপক রহিজ উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.