২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মানবাধিকার দিবস শুক্রবার

বিশ্ব মানবাধিকার দিবস শুক্রবার। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে স্মরণ করে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়ে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ)- বিশ্ব মানবাধিকার দিবস শুক্রবার। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে স্মরণ করে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা, মানববন্ধন, সেমিনার ইত্যাদি। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের এই সার্বজনীন ঘোষণা গৃহীত হয়। দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বান কি মুন তার বাণীতে বলেন, "মানবাধিকার হচ্ছে স্বাধীনতা, শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচারের মূলভিত্তি। "এ বছরের মানবাধিকার দিবস উদযাপন তাদেরকে উৎসর্গ করা হচ্ছে যারা সারা পৃথিবীতে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।" রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "মানবাধিকার মানুষের জন্মগত মৌলিক অধিকার। মানবতার পরিপূর্ণ বিকাশে মানবাধিকারের গুরুত্ব অপরিসীম। এ অধিকার রক্ষায় সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে। এ দেশের জনগণ মানবাধিকার সম্পর্কে সচেতন নয় বিধায় তারা নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়।" তিনি আশা প্রকাশ করে বলেন, "দেশের মানবাধিকার রক্ষায় নিয়োজিত সংগঠনসমূহ মানবাধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে পারলেই মানবাধিকার নিশ্চিত হবে। আইনের শাসন, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিতে জীবন-যাপন করার অধিকার প্রতিষ্ঠা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে দিয়ে মানবাধিকার সুরক্ষিত করার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।" দিবসটি উপলক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বৈষম্য দূরীকরণে বাংলাদেশের মানবাধিকার কার্যক্রমের প্রশংসা করে বলেছে, বৈষম্যহীনতা ও সমতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূলনীতি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএইচএন/ কেএমএস/২১২২ ঘ.