গাজীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, দেশ সেবায় আনসারদের গৌরবোজ্জল অবদান রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে ওই বাহিনীতে কর্মরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে সাহারা বলেন, "দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আরো বলেন, "নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত দেশ গড়তে আমরা প্রতিশ্র"তিবদ্ধ। দেশকে মাদক, জঙ্গি, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসমুক্ত করতে চাই।"
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রমুখ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, সেনানিবাসের জায়গা দখল করতে চায় তাদের উস্কানিতেই ওলামা মাশায়েখ সংগঠন হরতাল ডেকেছে।"
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বিরোধীদলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, "জিয়াউর রহমানের নামে সেনানিবাসের বাড়ি নেওয়া হলেও ওই বাড়ির কোথাও তার কোনো ছবি ছিলো না।
"জিয়ার প্রতি যদি তার (খালেদা) শ্রদ্ধা থাকতো তবে বাড়ির আঙ্গিনায় জিয়ার যে মূর্তি ছিল তাতেও শেওলা পড়তো না।"
তিনি জানান, মুক্তিযোদ্ধাদের প্রাথমিকভাবে তিন হাজার বাড়ি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সব মুক্তিযোদ্ধাদের জন্য রেশনিং চালুর পরিকল্পনা রয়েছে। যাতে দেশে কোনো মুক্তিযোদ্ধা অস্বচ্ছল না থাকে।
অনুষ্ঠানে আনসারে নিযুক্ত ২৩৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে বিশেষ অবদানের জন্য ১১ জনকে নগদ টাকাসহ উপহার সামগ্রী দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24