ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি সরকার বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে 'বিচ্ছিন্ন' করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব এ ওয়াজেদ।
বুধবার অ্যামচেম এর মধ্যাহ্ন ভোজসভায় তিনি বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য 'কানেক্টিভিটি' অপরিহার্য। বর্তমান আওয়ামী লীগ সরকার সবার সঙ্গে বাণিজ্য করার নীতিতে বিশ্বাস করে।
এ প্রসঙ্গে সজিব ওয়াজেদ উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি চূড়ান্ত করেছে। কানেক্টিভিটি প্রক্রিয়া চলছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হবে।
বিগত বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদের জাতীয়তাবাদী বলে আখ্যায়িত করে থাকে। কিন্তু তারা (বিএনপি) 'আইসোলেশানিজম' এ বিশ্বাসী।
বাংলাদেশ সুবিধাজনক ভৌগোলিক অবস্থানে থেকেও এ থেকে সুবিধালাভে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সজিব মনে করেন, বাংলাদেশেকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা এবং ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি বলেন, প্রস্তাবিত বাণিজ্য ও অর্থনৈতিক ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য এবঙ বিনিয়োগ ইস্যু নিয়ে নিয়মিত আলোচনার সুযোগ করে দিতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে। কিন্তু একে পুরোপুরি কাজে লাগাতে হলে বাংলাদেশকে তার অবকাঠামো ও বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। বিনিয়োগকারীরা বরাবরই বলে আসছেন, বাংলাদেশের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে প্রধান বাঁধা হচ্ছে জ্বালানির ঘাটতি।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ বলেন, বাংলাদেশ এ বছর তিনশ' কোটি ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আশা করছে।
অবশ্য তিনি বলেন, বিনিয়োগ বোর্ডের পক্ষে এফডিআই সংশ্লিষ্ট সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএম/এইচএ/২২২০ ঘ.
bdnews24