ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন'- এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু হয়েছে বুধবার।
এ সপ্তাহ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সপ্তাহের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এর আগে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা সংসদ ভবনের পূর্ব গেট থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত শোভাযাত্রা বের করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এ সপ্তাহ পালিত হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের উপ-সচিব শেখ ফয়জুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ সপ্তাহের প্রথমদিন বুধবার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেবা সংক্রান্ত প্রদর্শনী, গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ করা হচ্ছে।
দ্বিতীয়দিন বৃহস্পতিবার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অফিসগুলোতে ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি সিটিজেন চার্টার টাঙানো হবে।
তৃতীয়দিন শুক্রবার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অফিসগুলোতে বিদ্যুৎ মেলা, সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শন ও বকেয়া আদায় করা হবে।
এছাড়া জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অফিস প্রধানদের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার পরির্দশন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, বিদ্যুৎ বিল আদায়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
ফয়জুল আমিন জানান, জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে বিদ্যুত বিভাগের পক্ষ থেকে ১৬ জন বিদ্যুৎ কর্মী, ১০টি বিদ্যুত ইউনিট, একজন প্রকল্প পরিচালক, একজন গবেষককে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
এছাড়া রচনা প্রতিযোগিতায় তিনজন, সংবাদপত্রের একজন প্রতিবেদক এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের একজন প্রতিবেদককে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮০৩ ঘ
bdnews24