২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ডিসেম্বর হরতাল ডেকেছে উলামা পরিষদ

নতুন শিক্ষানীতিতে 'ধর্মীয় শিক্ষা সংকোচনের' প্রতিবাদে আগামী ২৬ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি সমর্থিত ইসলামী গোষ্ঠী সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- নতুন শিক্ষানীতিতে 'ধর্মীয় শিক্ষা সংকোচনের' প্রতিবাদে আগামী ২৬ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি সমর্থিত ইসলামী গোষ্ঠী সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। বুধবার বিকালে হরতাল কর্মসূচি ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দীন খান। ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের নেতা আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ধর্মীয় শিক্ষা সংকোচন করে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আমরা ২৬ ডিসেম্বর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছি।" গত ৬ ডিসেম্বর সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদে শিক্ষানীতির বাতিলের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি পুলিশের বাধার মুখে হতে পারেনি। এর প্রতিবাদে নেতারা সেইদিন বিকালে সংবাদ সম্মেলন করে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়ে সরকারকে জাতীয় শিক্ষানীতি চূড়ান্তভাবে সংসদে পাস না করার আহবান জানায়। ওই সময়ের পর সরকার দাবি না মানলে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে যেকোন একদিন হরতাল দেওয়ার হুমকি দেয় তারা। মঙ্গলবার সংসদে বক্তৃতায় শিক্ষানীতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মুহিউদ্দিন খানের নেতৃত্বে উলামা পরিষদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। ঢাকায় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিকালে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে মুহিউদ্দীন খান কর্মসূচি ঘোষণা করে বলেন, "আমরা গত ৬ ডিসেম্বর সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম জাতীয় শিক্ষানীতি সংসদে পাসের আগে উলামা মাশায়েখদের সঙ্গে আলোচনা করতে। কিন্তু সরকার তা না করে মঙ্গলবার সংসদে তা পাস করেছে। এটা গ্রহণযোগ্য নয়।" মঙ্গলবার সংসদে জাতীয় শিক্ষানীতি পাস হয়। গত বছরের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কমিটি করে সরকার। গত ৯ অক্টোবর নবম সংসদে ষষ্ঠ অধিবেশনে শিক্ষানীতি উত্থাপন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি'র আলমগীর মজুমদার, ন্যাপের সৈয়দ আনোয়ারুল হক ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু দাউদ জাকারিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২১ ঘ.