কক্সবাজার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জমি নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে উপজেলার আঁধারঘোনা গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- ওই গ্রামের মোহাম্মদ রশিদ (৩৬)।
এই ঘটনায় আবুল হাসেম (৬০) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।
রশিদ খুনের ঘটনায় স্থানীয়রা হাসেমের ছেলে বাদলকে আটক করে পুলিশে দিয়েছে।
মহেশখালী থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে আঁধারঘোনা গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির কাছে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রশিদ ও তার স্ত্রী ওই বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। কিন্তু বাড়িতে ঢোকার আগে প্রতিপক্ষ একই এলাকার বাদল ও সাঙ্গপাঙ্গদের দাঁড়িয়ে থাকতে দেখে রশিদ সরে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে।
রশিদের স্ত্রী খুরশিদা আক্তার পুলিশকে বলেছেন, বাদলের সহযোগী মাহবুব, বদাইয়্যা, খলিলুর রেহমান, আব্দুল মজিদ, মকছুদ মিয়া ও আজিজুল হকের নেতৃত্বে হামলাকারীরা তাকে (রশিদকে) বুকের নিচে গুলি করে। গুলি করেই তারা পালিয়ে যায়। রশিদ ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ জানান, ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রশিদের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ওই সময় বাদলের বাবা হাসেম আহত হন।
এলাকার লোকজন হাসেমকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে খুরশিদা আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, তার স্বামীকে হত্যার পর বাদলের লোকজন উল্টো তাদের ফাঁসানোর জন্য হাসেমকে জখম করেছে।
মহেশখালী থানার ওসি জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24