ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম আন্তর্জাতিক চিকিৎসা যন্ত্রপাতি ও সামগ্রী প্রদর্শনী মেডেক্সপো-২০১০ আগামী ৯ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুুক্ত থাকবে।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস) এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ।
সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম।
তিনি বলেন, "দেশি-বিদেশি হাসপাতাল, চিকিৎসা যন্ত্রপাতি, সামগ্রী, আসবাবপত্র প্রস্তুতকারী এবং সরবরাহকারীসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।"
দেশি-বিদেশি চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জনসাধারণকে তথ্য জানাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
"এবার প্রদর্শনীতে বাংলাদেশসহ সাতটি দেশের ৩৫টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে", বলেন ওয়াহিদুল আলম।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, সিঙ্গাপুর, চীন, জাপান ও তাইওয়ান।
ওয়াহিদুল আলম বলেন, "অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রদর্শনী উপলক্ষে তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্য ছাড় প্রদান করবে।"
এছাড়াও বিনামূল্যে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৯২২ ঘ.
bdnews24